নদীতে মাছের পোনা অবমুক্ত
বাকেরগঞ্জ (বরিশাল) সংবাদদাতা বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের দুধলমৌর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট সংলগ্ন ফেরিঘাট এলাকায় পায়রা নদীতে রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির ১০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বরিশাল জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল আনোয়ার সাঈদ ও বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম এই পোনা মাছ অবমুক্ত করেন।
মাস্ক ও স্টিকার বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে করোনা সচেতনতায় ৮ শতাধিক মাস্ক ও করোনা সতর্কতামূলক লেখাসম্বলিত স্টিকার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সৈয়দপুর ইউনাইটেড ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশনের (সুভা) উদ্যোগে এসব বিতরণ করা হয়। সৈয়দপুর পুলিশ বক্সের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম।
করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসহায়তা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বৃহস্পতিবার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খানপুর করোনা ও দুর্যোগ প্রতিরোধ কমিটির আয়োজনে, স্থানীয় জনগোষ্ঠীর উদ্যোগে এবং বেসরকারি সংস্থা উত্তরণের সহযোগিতায় খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। খানপুর বাজারসংলগ্ন এলাকায় ১১৫টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ক্যানসার-কিডনি-লিভার সিরোসিস রোগীদের চেক বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনায় ২৬ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ছাড়াও ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস রোগীদের মাঝে চিকিত্সার জন্য চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার নেত্রকোনা সার্কিট হাউজে অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে হুইল চেয়ার বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। পরে শতাধিক ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস এবং জন্মগত হূদরোগ ও থেলাসেমিয়া রোগীদের মাঝে চিকিত্সার চেক বিতরণ করা হয়।
মাস্ক ও ব্লিচিং পাউডার বিতরণ
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা লোহাগাড়া উপজেলার ৯ ইউপি চেয়ারম্যানদের কাছে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী ৯০ প্যাকেট মাস্ক ও ৪৫০ কেজি ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদ জামাত নিয়ে প্রস্তুতি সভায় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমদ এতে সভাপতিত্ব করেন।
অসুস্থ মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা
বামনা (বরগুনা) সংবাদদাতা বামনা উপজেলার ১১ জন অসুস্থ মুক্তিযোদ্ধাকে বৃহস্পতিবার আর্থিক সহায়তা প্রদান করা হয়। সরকারের বরাদ্দকৃত অর্থ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো সাইতুল ইসলাম লিটু।
নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের চেক বিতরণ
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগরে করোনায় ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
দরিদ্র পরিবারের মধ্যে চাল বিতরণ
লালমোহন (ভোলা) সংবাদদাতা লালমোহনে ১৯ হাজার ৯৫৯ জন দরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত লালমোহন পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে এসব বিতরণ করা হয়।
বন্যাদুর্গতদের মানবিক সহায়তা
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গতদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নাগেশ্বরীর বেরুবাড়ীতে ১৫০ উপকারভোগীর হাতে এ সহায়তা তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালেব।
