ইব্রার অনন্য ৫০

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:৩২

বয়স ৩৯ ছোঁবে আসছে অক্টোবরেই। এ বয়সে আর সবাই যেখানে ফুরিয়ে যায় সেখানে জলাতান ইব্রাহিমোভিচ রীতিমতো নিত্যনতুন কীর্তি গড়ে চলেছেন! এসি মিলান ফরোয়ার্ড সাম্পদোরিয়ার বিপক্ষে জোড়া গোল করে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গড়েছেন দুই মিলানে ৫০টি করে  গোলের কীর্তি।

গত বুধবার রাতের ম্যাচে ইব্রা ৪ আর ৫৮ মিনিটে গোল করার মাঝে সতীর্থ হাকান চাহালানোগ্লুকে দিয়ে করিয়েছেন আরো একটি গোল। তাতে দলও পেয়েছে ৪-১ ব্যবধানের জয়, উঠে এসেছে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে। জানুয়ারির দলবদলে বিনা মূল্যে মিলানে যোগ দেওয়া ইব্রা অর্ধ মৌসুমে ১৬ ম্যাচে করেছিলেন ৭ গোল। প্রথম দফায় মিলানে খেলে সুইডিশ এই স্ট্রাইকার লক্ষ্যভেদ করেছিলেন ৪২ বার, বুধবার রাতে প্রথম গোলটা করেই দলটির হয়ে ৫০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। এর আগে ইন্টার মিলানের হয়েও তিন মৌসুমে করেছিলেন ৫৭ গোল। এরপর মিলানের অন্য পাশেও ৫০ গোলের মাইলফলক ছুঁয়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুই মিলানের হয়েই ৫০ গোল করা প্রথম খেলোয়াড় বনে যান তিনি।

এমন কীর্তি গড়ে ইব্রা রীতিমতো এক ঘোষণাই দিয়ে বসলেন। বললেন, ‘আপনারা ভাবছেন আমি শিগগিরই অবসরে চলে যাব। তাহলে আপনারা আমাকে চেনেন না। আপনাদের বলে রাখি, আমি জলাতান ইব্রাহিমোভিচ আর আমি কেবল গা গরম করছি!’

দলকে অর্ধ মৌসুমের ব্যবধানে ১১ থেকে পয়েন্ট তালিকার ছয়ে তুলে এনেছেন দারুণ নৈপুণ্য দিয়ে। সে ইব্রার মুখে তো এমন কথা মানায়ই!