জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং আবাহনীর প্রতিষ্ঠাতা শহিদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী আগামী ৫ আগস্ট, বুধবার। তার প্রাণপ্রিয় সংগঠন আবাহনী এবারও জন্মবার্ষিকী পালন করবে। তবে প্রতিবারের মতো ঘটা করে নয়। আনুষ্ঠানিকতায় কিছুটা কমতি থাকবে।
করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যগত বিষয়টা গুরুত্ব দিয়ে জন্মবার্ষিকীর নানা অনুষ্ঠান কমিয়ে আনা হয়েছে। জন্মবার্ষিকীর দিনে তার রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম এবং বিকালে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আবাহনীর দীর্ঘদিনের সঙ্গী, আবাহনী লিমিটেডের জেনারেল ম্যানেজার সুবাস সোম। বুধবার একটি আলোচনা সভা হওয়ার কথা রয়েছে, সেটিও আজকালই চূড়ান্ত হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে ঘাতকদের গুলিতে নিহত হন। নিহতদের মধ্যে শেখ কামালও ছিলেন।
