প্রস্তুতি টুর্নামেন্টে সেরেনা-নাদাল-জকোভিচ

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২২:৩৪

করোনার কারণে ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট সিনসিনাতি থেকে সরিয়ে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়েছে এ বছর। আগামী মাসে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে নিজেদের নাম লিখিয়েছেন সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ। গত বুধবার টুর্নামেন্টের আয়োজক এটিপি, ডব্লিউটিএ ও সাউদার্ন ওপেন কর্তৃপক্ষ টুর্নামেন্টের প্রতিযোগীদের নাম ঘোষণা করেন। যেখানে দেখা যায় টেনিস ইতিহাসের অন্যতম সেরা তিন খেলোয়াড়ের নাম। টুর্নামেন্টটি আগামী ২০ আগস্ট ফ্ল্যাশিং মিডোর ন্যাশনাল টেনিস সেন্টারে খুব সতর্কতা মেনে শুরু হবে। থাকবে না দর্শক; খেলোয়াড় আর স্টাফদেরও মানতে হবে কঠোর নির্দেশনা। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৮ আগস্ট। উল্লেখ্য, এখানেই শুরু হবে ইউএস ওপেনের চলতি বছরের আসর।