মালয়েশিয়ার বোর্নিও রাজ্যের সাবাহ ভূখন্ড নিয়ে ফিলিপাইন ও মালয়েশিয়ার মধ্যে বাগ্যুদ্ধ শুরু হয়ে গেছে। গতকাল মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন বলেন, এ ঘটনায় তিনি ফিলিপাইনের রাষ্ট্রদূতকে তলব করবেন।
ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেদেরো লোকসিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে করা এক মন্তব্যে দেশ দুটির মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তেদেরো লোকসিন দাবি করেন, সাবাহ মালয়েশিয়ার অংশ নয়। আর এ কারণেই তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিপাইনের রাষ্ট্রদূতকে এ নিয়ে শিগগিরই তলব করা হবে। হিশামুদ্দিন বলেন, লোকসিন যে মন্তব্য করেছে তা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন। অবশ্য এর প্রতিক্রিয়ায় ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, তিনিও ম্যানিলায় মালয়েশিয়ার প্রতিনিধিকে তলব করবেন।
সাবাহ প্রতিবেশী সারাওয়াকের সঙ্গে যুক্ত একটি রাজ্য। ১৯৬৩ সালে মালয় দ্বীপের রাজ্যগুলো নিয়ে এখানে ফেডারেশন অব মালয়েশিয়া গঠিত হয়। কিন্তু এই ভূখণ্ডটি এক সময়ে সুলু রাজ্যের অন্তর্গত ছিল। আর ফিলিপাইনের রাজনীতিবিদরা প্রায়ই সাবাহকে তাদের নিজেদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ বলে মনে করেন। তাদের মতে, আধুনিক ফিলিপাইনে এই অংশটুকুর দাবিদার তারা। এ ঘটনায় ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যত বিতর্কেরই জন্ম দিক না কেন, আমরা মনে করি, ঐতিহাসিকভাবে সাবাহ আমাদের অংশ। আর এটা আমরা সচেতনভাবেই বিশ্বাস করি।
