জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার দুদকের ডাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক মো. গুলশান আনোয়ার মামলা করেন। মামলায় তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ এবং জ্ঞাত আয়ের উত্স বহির্ভূত ৪২ কোটি টাকার অস্থাবর সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী ২০১৯ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এইচএসবিসি, ইস্টার্ণ ব্যাংক লি., সাউথ ইস্ট ব্যাংক লি., মিউচুয়াল ব্যাংক লি.-এর বিভিন্ন হিসাবে মোট ৪২ কোটি টাকা জমা রেখেছেন যার বৈধ কোনো উত্স নেই। ঐ টাকা তিনি প্রতারণার মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় অর্জন করেছেন বলে প্রাথমিক তথ্য-প্রমাণে প্রমাণিত। তৌফিক ইমরোজ খালিদী দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৭(১) ধারায় অপরাধ করেছেন। এজহারে বলা হয়েছে, তদন্তকালে অপরাধের সঙ্গে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তা আমলে নেওয়া হবে।
এজাহারে আরো উল্লেখ করা হয়, এসব অর্থ অর্জনে তৌফিক ইমরোজ খালিদী ও এসআর গ্লোবাল বাংলাদেশ লি.-এর সিইও রিয়াজ ইসলাম মানিলন্ডারিং অপরাধ সংগঠিত করেছেন যা রেকর্ডপত্রে প্রাথমিকভাবে প্রমাণিত এবং পূঁজিবাজার সংক্রান্ত মানিলন্ডারিং অপরাধ বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের এখতিয়ার বিধায় দুর্নীতি দমন কমিশন উক্ত বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনে মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধিত ২০১৫) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠিয়েছে। গত বছর তৌফিক ইমরোজ খালিদীর বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।
