বঙ্গোপসাগরের হাতিয়া চ্যানেলে দুইটি জাহাজের মধ্যে সংঘর্ষে এমভি তাসনেহা-৫ নামে ক্লিংকারবাহী একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। গতকাল বৃহস্পতিবার হাতিয়া চ্যানেলের বয়ার চরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজের ১৩ জন নাবিক ও শ্রমিক আরেকটি নৌযানে উঠে রক্ষা পান। এমভি তাসনেহা-৫ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি মাদার ভেসেল (পণ্যবাহী বড় জাহাজ) থেকে সিমেন্ট ক্লিঙ্কার খালাস করে নারায়ণগঞ্জের কাঁচপুরের দিকে যাচ্ছিল।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. সেলিম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে হাতিয়া চ্যানেলে এমভি নীলগিরি ও এমভি তাসনেহার-৫ জাহাজ দুইটি পাশাপাশি চলার সময় পরস্পরের সাথে ধাক্কা লাগে। এতে তাসনেহা জাহাজের পেছনের দিকের হ্যাচ ফেটে পানি ঢুকে ডুবে যায়। তবে জাহাজটির সকল নাবিক ও খালাসি পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌযানে উঠে রক্ষা পেয়েছেন। জাহাজডুবির ঘটনায় হাতিয়া চ্যানেলে নৌযান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।
