যুক্তরাষ্ট্রে নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন জালিয়াতির আশঙ্কায় স্থগিত করার ইঙ্গিত দিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে নানা বিতর্কে জেরবার ট্রাম্প আসন্ন নির্বাচনের ফল নেবেন না বলে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। এবার মেইল-ইন ভোটিং ব্যবস্থার কারণে জালিয়াতি হতে পারে এমন অভিযোগ তুলে ভোটগ্রহণ পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিলেন কোনো ধরনের রাখঢাক না করেই। খবর বিবিসির।
জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ভোট প্রদানের ‘যথাযথ, সুরক্ষিত ও নিরাপদ’ পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার ইঙ্গিত দিয়েছেন। তবে ট্রাম্পের অভিযোগের পক্ষে সমর্থনযোগ্য প্রমাণ খুবই কম। তিনি অনেক দিন ধরেই মেইল-ইন ভোটিংয়ের বিরোধিতা করে আসছেন। দীর্ঘদিন ধরেই ট্রাম্প অভিযোগ করে আসছেন যে মেইল-ইন পদ্ধতিতে ভোট হলে তাতে জালিয়াতি হতে পারে। তবে করোনায় শীর্ষ আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রের বেশির ভাগ অঙ্গরাজ্য সরকার ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের শঙ্কায় স্বাস্থ্যবিধির কথাগুলো মাথায় রেখে মেইলের মাধ্যমে ভোটের আয়োজন করতে চায়। ট্রাম্প গতকাল এক টুইট বার্তায় বলেন, ‘গণহারে মেইল-ইন ভোটিং নভেম্বরের নির্বাচনকে ইতিহাসের সবচেয়ে ভুল ও প্রতারণামূলক নির্বাচনে পরিণত করবে, যা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক ও বিব্রতকর হতে পারে।’ ইতিমধ্যে ক্যালিফোর্নিয়া, উটাহ, হাওয়াই, কলোরাডো, ওরেগন ও ওয়াশিংটন রাজ্য সবার ভোট মেইলে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেছেন, এভাবে ভোটগ্রহণ শতভাগ সুষ্ঠু হবে তার নিশ্চয়তা কে দেবে? সবাই মিলে তাকে পরাজিত করার ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেছেন।
