বরিশালে এবারও হচ্ছে না ঈদের প্রধান জামাত

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২৩:০৯

করোনার কারণে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহায়ও ঈদের প্রধান জামাত হচ্ছে না বরিশালে। সরকারের দিক-নির্দেশনা না থাকায় বরিশালের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের আয়োজন করেনি সিটি করপোরেশন। তবে সকাল ৮টায় বরিশাল কালেক্টরেট জামে মসজিদে আয়োজিত ঈদ জামাতে অংশ নেবেন জেলা প্রশাসক এস এম অজিয় রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

এদিকে স্বাস্থ্যবিধিসহ শারীরিক দূরত্ব রক্ষায় এবার নগরীর অনেক মসজিদে দুইটি থেকে সর্বোচ্চ চারটি করে জামাতের আয়োজন করা হয়েছে। বরিশাল বিভাগে ঈদের সর্ববৃহত্ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৯টায়। পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সর্ববৃহত্ ঈদ জামাতে ইমামতি করবেন। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়।