যুক্তরাষ্ট্রে করোনা মহামারি কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। মধ্যে দুই-একদিন শনাক্তের সংখ্যা সামান্য কমলেও এরপর দেখা যাচ্ছে টানা কয়েক দিন বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও। আক্রান্ত ও মৃতের সংখ্যায় বিশ্বের শীর্ষস্থানে থাকা এই দেশটিতে মোট মৃত্যু দেড় লাখ ছাড়িয়ে গেছে। বুধবার দেশটিতে ১ হাজার ৪৬১ জনের মৃত্যুর তথ্য নথিবদ্ধ হয়েছে। গতকাল পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছে ১ লাখ ৫৪ হাজার লোক। এখন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ প্রায় প্রতি মিনিটে একজন করে মারা যাচ্ছে।
অন্যদিকে, একই পরিস্থিতি ভারত ও ব্রাজিলেও। রাশিয়াতেও সংক্রমণের হার একই রকম আছে। ভারতে ২৪ ঘণ্টায় ৫২ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। আর ব্রাজিলে এই সংখ্যা প্রায় ৭১ হাজার। এই সময়ের ব্যবধানে ব্রাজিলে মারা গেছে ১ হাজার ৫০০ জনের বেশি এবং ভারতে এই সংখ্যা ৭৭৯।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুই মাসের মধ্যে এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। গত ১১ দিনে মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজার। চলতি মাসে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে, এখানে হাসপাতালগুলোতে রোগী উপচে পড়েছে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় এ রাজ্যগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় চালু করার উদ্যোগ নিয়েও পরে পিছিয়ে আসে। মার্চ ও এপ্রিলে ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে এই রাজ্যগুলো লকডাউনে ছিল। চলতি মাসে রাজ্যের হিসাবে কোভিড-১৯-এ সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে টেক্সাসে। এখানে মারা গেছেন প্রায় ৪ হাজার ৩০০ জন। ২ হাজার ৯০০ মৃত্যু নিয়ে এর পরই আছে ফ্লোরিডা। তৃতীয় স্থানে থাকা সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭০০ জনের।
অন্যদিকে গোটা বিশ্বে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১ কোটি ৭২ লাখ ৫৮ এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭১ হাজার জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ কোটি ৭ লাখ মানুষ।
