পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় সাধারণ কৃষক ও জুমচাষিদের সহজে ব্যাংক হিসাব খোলা এবং প্রণোদনা সুবিধার আওতায় কৃষিঋণের পাশাপাশি ডাল ও মসলা চাষে ঋণ দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগ থেকে এসংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সুবিধার আওতায় সাধারণ কৃষকদের অনুকূলে কৃষিঋণ বিতরণ কার্যক্রম জোরদার করা একান্ত প্রয়োজন। তাই এসব এলাকায় ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সহজ প্রক্রিয়া চালুর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হলো। তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট বণ্টকের উপসহকারী কৃষি কর্মকর্তার প্রতিস্বাক্ষরপূর্বক এই হিসাব খুলতে হবে।
এতে আরো বলা হয়েছে, বাগান তৈরিতে উত্সাহীদের জন্য স্বল্প সুদে বিশেষ ঋণ প্রদানের কর্মসূচি গ্রহণ এবং জুমচাষিদের অগ্রাধিকার দিয়ে আদা, হলুদ, মরিচ, গোলমরিচ ও তেজপাতা চাষের জন্য ৪ শতাংশ সুদে কৃষিঋণ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
