দেবহাটার গ্রেফতার স্পটে নিয়ে সাহেদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২৩:৫২

করোনার ভুয়া টেস্ট ও জাল সনদপত্র প্রদানসহ প্রতারণার সীমাহীন অভিযোগে দেশব্যাপী বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান প্রতারক মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে খুলনা থেকে সাতক্ষীরার দেবহাটার শাখরা কোমরপুরের লাবণ্যবতী নদীর পাড় থেকে আবার খুলনায় নেওয়া হয়েছে। বোরকা পরে ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে এখানে র্যাবের হাতে অস্ত্রসহ ধরা পড়ে সাহেদ। গ্রেফতারের পর রাতেই র্যাব-৬-এ সিপিসি-১-এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় মামলা দায়ের করেন। অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের পর দেবহাটা থানায় প্রতারক সাহেদ করিমকে প্রধান আসামি এবং নৌকার মাঝি বাচ্চুকে পলাতক আসামি ও আরো এক জনকে অজ্ঞাত আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করে র্যাব। এ মামলায় শাহেদকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীকালে মামলাটির তদন্তভার দেওয়া হয় র্যাবের ওপর। ঐ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে খুলনা থেকে গতকাল বিকালে গ্রেফতার স্পট দেবহাটার সীমান্তবর্তী শাখরা কোমরপুর গ্রামে নেওয়া হয়। বিকাল ৪টার দিকে লাবণ্যবতী নদীর ওপর কোমরপুরের বেইলি ব্রিজের ওপর সাহেদকে নিয়ে আসে র্যাব। এ সময় উত্সুক জনতা ও স্থানীয় সাংবাদিকদের নির্দিষ্ট দূরত্বে সরিয়ে পাঁচ-সাত মিনিট কথাবার্তা বলে আবারও গাড়িতে ওঠানো হয় সাহেদকে। পরে সেখান থেকে আবার খুলনায় ফিরিয়ে নেওয়া হয় বলে র্যাব-৬-এর সাতক্ষীরার অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশিদ জানান।