করোনার কারণে একটি মানুষও না খেয়ে থাকবে না :কৃষিমন্ত্রী

আপডেট : ৩০ জুলাই ২০২০, ২৩:৫৭

মহামারি করোনার কারণে একটি মানুষও না খেয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, করোনার কারণে যাতে ভবিষ্যতে দেশে খাদ্য সংকট না হয়, মানুষকে অভুক্ত না থাকতে হয়, সেজন্য প্রধানমন্ত্রী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর নির্দেশ দিয়েছেন। কৃষি মন্ত্রণালয় সে লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করছে।

গতকাল বৃহস্পতিবার কৃষিমন্ত্রী রাজধানীতে তার সরকারি বাসভবন থেকে ঈদুল আজহা উপলক্ষ্যে গরিব ও দুস্থ পরিবারের মধ্যে চাল বিতরণ উপলক্ষ্যে এক অনলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, করোনার প্রকোপের শুরু থেকেই সরকার ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। এছাড়া চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসহ নানা সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, একটি মানুষকেও যাতে না খেয়ে থাকতে না হয় সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদুল আজহা উপলক্ষ্যে ধনবাড়ী উপজেলার ৩ হাজার ৮১টি দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।