স্পোর্টস ডেস্ক
ফরাসি লিগ কাপ জিতে মৌসুমের সব ঘরোয়া শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। রবিবার রাতে লিওঁকে পেনাল্টি শুটআউটে ৬-৫ ব্যবধানে হারিয়ে ঘরোয়া তৃতীয় শিরোপাটি জেতেন নেইমাররা। এরপর জয়সূচক গোল করা পাবলো সারাবিয়া আর আন্দার হ্যারেরা জানালেন, চ্যাম্পিয়ন্স লিগের জন্য এবার পুরোপুরি প্রস্তুত ফরাসি চ্যাম্পিয়নরা।
রবিবার লিগ কাপে সর্বশেষ আসরটির ফাইনালের আগে পিএসজি কোচ থমাস টুখেল আশাবাদ জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগ মানের ম্যাচই হবে লিগ কাপের ফাইনালে। প্রতিপক্ষ লিওঁ, যে টিকে আছে ইউরোপ সেরার মঞ্চে!
ম্যাচে হলোও তাই। কেহ কারে নাহি জিনে সমানে সমান। নির্ধারিত ৯০ মিনিট আর ৩০ মিনিটে দুই দল বেশ কিছু সুযোগ পেলেও দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন দুই গোলরক্ষক কেইলর নাভাস আর অ্যান্থনি লোপেজ। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। নির্ধারিত পাঁচ শটেও নিষ্পত্তি হয়নি শিরোপার। তবে সাডেন ডেথে লিওঁ ফরোয়ার্ড বার্ট্রান্ড ত্রাওরের শট লক্ষ্যভ্রষ্ট হলে পিএসজি পাবলো সারাবিয়ার লক্ষ্যভেদে শিরোপা নিশ্চিত করে। রেকর্ড ৯ম বারের মতো শিরোপাটি জিতে পিএসজি ঘরোয়া ট্রেবল পূর্ণ করে। এর আগে অসমাপ্ত মৌসুমে ফরাসি লিগ জয়ের পর ফ্রেঞ্চ কাপ জিতেছিল কোচ থমাস টুখেলের শিষ্যরা।
