সরকারি ছাড়পত্র পেল আইপিএল

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২০:৫৬

স্পোর্টস ডেস্ক

ভারত সরকারের কাছ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের ব্যাপারে ছাড়পত্র পেল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেট বোর্ড এক আনু্ষ্ঠানিক বিবৃতিতে সম্প্রতি এই খবর নিশ্চিত করে। তবে বিতর্ক সত্ত্বেও এবারও আইপিএলের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে চীনা মোবাইল কোম্পানি ‘ভিভো’।

সংযুক্ত আরব আমিরাতে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে আইপিএলের ১৩তম আসর। আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা বলেন, ‘সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেয়েছি আমরা। ১৩তম আসরটি আয়োজনের জন্য আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি।’

আইপিএলের ১৩তম আসর শেষ হতে ৫৩ দিন লাগবে। শেষ দুই আসরের থেকে দুই দিন বেশি লাগছে এবার। শিগগিরই টুর্নামেন্টের সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

গভর্নিং কাউন্সিলের সভায় আরো সিদ্ধান্ত এসেছে যে, ডাবল লিগ পদ্ধতিতে আট দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দুবাই, আবুধাবি ও শারজাহতে অনুষ্ঠিত হবে সকল ম্যাচ।