রিপোর্টের অপেক্ষায় তামিম ইকবাল

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২০:৫৬

 

 

 

 

 

স্পোর্টস রিপোর্টার

পেটে ব্যথার সমস্যা নিয়ে লন্ডনে গিয়েছিলেন। প্রস্তুতি ছিল দীর্ঘ সময় থেকে চিকিত্সা করানোর। কিন্তু গত শনিবারই দেশে ফিরে আসেন তামিম ইকবাল খান। এখন তিনি এই পেটে ব্যথার জন্য করানো পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় আছেন।

উন্নত চিকিত্সার জন্য গত ২৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন তামিম ইকবাল। যাওয়ার আগে বলেছিলেন, প্রায় তিন মাস আগে থেকে পেটের ব্যথা প্রচন্ড ভোগাচ্ছে তাকে। মাঝেমধ্যেই হানা দিয়ে অনেক সময় টানা ১২ ঘণ্টাও থাকে সেই ব্যথা।

দেশে চিকিত্সা নিয়ে কোনো রোগ ধরা না পড়ায় সিদ্ধান্ত নেন দেশের বাইরে যাওয়ার। প্রয়োজনে লম্বা সময় থাকতে হতে পারে, এই মানসিক প্রস্তুতি নিয়েই গিয়েছিলেন তামিম। তবে ফিরে এসেছেন এক সপ্তাহ পরই। দেশে ফিরে দেশের সফলতম ব্যাটসম্যান জানালেন—তার শরীরের অবস্থা ও চিকিত্সার অগ্রগতি।

তামিম বলেন, ‘লন্ডনে অনেকগুলো টেস্ট করানো হয়েছে আমার। অনেক সময় নিয়ে টেস্টগুলো করেছেন তারা। সবগুলো টেস্টের রিপোর্ট আসতে আরো ৭ থেকে ১০ দিন লাগবে। এজন্য ডাক্তারই বললেন, এতদিন অপেক্ষা না করে চাইলে দেশে ফিরতে পারি। রিপোর্ট পাওয়ার পর তারা যদি মনে করেন যে, ওষুধেই সেরে যাবে তাহলে অনলাইনেই পরামর্শ দেবেন। আর সার্জারির মতো কিছুর প্রয়োজন হলে আমাকে আবার লন্ডন যেতে হবে।’

তামিম ইকবাল বলেছেন, এই রিপোর্ট পাওয়ার আগে রোগের ধরন সম্পর্কেও কোনো ধারণা পাননি তিনি, ‘চেষ্টা করেছিলাম রোগের ধরন সম্পর্কে ডাক্তারের কাছ থেকে একটু ধারণা পেতে। কিন্তু সব রিপোর্ট না দেখে তারা কিছুই বলতে চাননি। আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’