স্পোর্টস রিপোর্টার
করোনার এই মহামারির কালে মাঠের খেলা বন্ধ হয়ে আছে। ব্যক্তিগত পর্যায়ে কিছু অনুশীলন চললেও দলীয় অনুশীলন নেই। এই অবস্থায় বিসিবির উদ্যোগে নিয়মিত চলছে ক্রিকেটারদের সঙ্গে জাতীয় দলের কোচিং স্টাফদের ভার্চুয়াল বৈঠক। আজ এ রকম একটি বৈঠকে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকা ও ভারতের সাবেক প্রধান কোচ গ্যারি কার্স্টেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র এই খবর নিশ্চিত করে বলেছে, ‘প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এই বৈঠক আয়োজন করেছেন। ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন কার্স্টেন। এ ছাড়া কোনো ক্রিকেটার চাইলে নিজের সমস্যা নিয়ে কথা বলতে পারে।’
মিরপুরে বিভিন্ন খেলোয়াড়ের একক যে অনুশীলন চলছিল, সেটাও আপাতত বন্ধ আছে। তার মধ্যেই প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি, স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি ও পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে ক্রিকেটারদের আলোচনা চলছে।
