আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রেস ব্রিফিং আর নেতিবাচকতার কাঁদামাটিতে আটকে আছে বিএনপির রাজনীতি। গতকাল মঙ্গলবার বিকেলে সর্ব ইউরোপীয় শাখা আওয়ামী লীগের উদ্যোগে ‘বাংলাদেশের এই সময়ে’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সরকারের কোনো ইতিবাচক প্রয়াস দেখতে পায় না। তারা সমালোচনা আর মিথ্যাচারের বৃত্তে আবর্তিত হচ্ছে। প্রবাসীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদেশে অবস্থান করলেও আপনাদের হূদয়জুড়ে বাংলাদেশ। দেশের যে কোনো ভালো সংবাদ যেমন আপনাদের আনন্দিত করে তেমনি খারাপ সংবাদও ব্যথিত করে। একটি মতলবি মহল দেশ ও বিদেশে সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে। লাখ লাখ প্রবাসীর অবস্থানকে নড়বড়ে করছে। সম্প্রতি ইতালী বিএনপির এক নেতার বক্তব্যে ইতালি প্রবাসীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। তিনি প্রবাসে ঐক্যবদ্ধ থাকা ও সরকারের ইতিবাচক অর্জন তুলে ধরার আহবান জানান।
