প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদি ও মমতার ঈদের শুভেচ্ছা

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:৪২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষ্যে আমি বাংলাদেশের জনগণ ও সরকারকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদুল আজহার উত্সব, যা ভারতের বেশ কয়েকটি অংশেও পালিত হয়, আমাদের গভীর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সংযোগের কথা মনে করিয়ে দেয়। আমরা আশা করি, এই উত্সবটি আমাদের নিজ নিজ সমাজে শান্তি ও সহনশীলতার চেতনা আরো বাড়িয়ে তুলবে এবং আমাদের দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে উত্সাহিত করবে।’

ভারতীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে চলমান করোনা ভাইরাস মহামারি সম্পর্কে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তার প্রশংসা করে তিনি বলেন, ‘যেহেতু উভয় দেশ কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করে চলেছে, আমরা আপনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে যেসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তার প্রশংসা করি। স্বাস্থ্য খাতে সক্ষমতা বৃদ্ধিসহ আপনাদের যে কোনো উদ্যোগে সহযোগিতা করতে আমরা প্রস্তুত রয়েছি।’ প্রেস সচিব বলেন, নরেন্দ্র মোদি ঈদ উপলক্ষ্যে শেখ হাসিনা এবং বাংলাদেশের সব মানুষের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সব বাংলাদেশিকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভৌগোলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক। তাই উত্সবের আনন্দও ভাগ করে নিতে এই পত্রের অবতারণা। আপনার নেতৃত্বে আমাদের পরম প্রতিবেশী বাংলাদেশ রাষ্ট্রের আরো শ্রীবৃদ্ধি হবে, এই কামনা করছি।’ চিঠিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।