সাহেদের বিরুদ্ধে ছাতকের ব্যবসায়ীর ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২২:৪৭

সিলেটের ছাতকের এক বালু-পাথর ব্যবসায়ীর ২ কোটি টাকা হাতিয়ে নেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিম। এখানেই শেষ নয়, পাওনা টাকা চাইতে গেলে ঐ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে ঢাকায় দেখা গেলে দেহে গুলি করার জায়গাও থাকবে না বলে হুমকি দেন। ব্যবসায়ী এখলাস খান গত ১৯ জুলাই রাতে ঢাকার উত্তরা থানায় এ মর্মে একটি মামলা দায়ের করেন। মামলাটি ২০ জুলাই রেকর্ড করে উত্তরা থানা। এদিকে এখলাস খানের ঐ অভিযোগের তদন্ত শুরু করেছে র্যাব ও উত্তরা থানা। এখলাছ খান গতকাল মঙ্গলবার ইত্তেফাককে জানান, তিনি আজই এ বিষয়ে উত্তরার র্যাব কার্যালয়ে সাক্ষত্কার দিয়েছেন। কর্মকর্তারা তার কাগজপত্র আন্তরিকভাবে দেখেছেন। আগামীকাল (বুধবার) আবার দেখা করতে বলেছেন। তিনি জানান, তাকে উত্তরা থানায়ও দেখা করার জন্য বলা হয়েছে। এখলাস খান বলেন, সাহেদ ভালো মানুষ সেজে ছাতকে এসে আমাকে সর্বস্বান্ত করেছেন।

তিনি  জানান, গত ২৪ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে তার কাছ থেকে ১ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৪২ টাকার বালু-পাথর নেন সাহেদ। এরপর সাহেদ তাকে ৩০ লাখ টাকার চেক এবং একটি এস্কেভেটর মেশিন আনার জন্য আরো এক লাখ ১০ হাজার ডলারের (প্রায় ৯৪ লাখ টাকার) এলসির কাগজপত্র প্রদান করেন। সাহেদের চেকটি এখলাছ খান ছাতকে ব্যাংকে জমা দিলে জানতে পারেন ঐ হিসাবে কোনো টাকা নেই। এছাড়া এস্কেভেটর মেশিন কেনার জন্য যে কোম্পানিকে এলসি দিয়েছিলেন—ঐ কোম্পানির সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন এলসি ফেরত নিয়ে ক্যাশ করে ফেলেছেন সাহেদ করিম। পরে অনেকবার ফোনে চেষ্টা করেও সাহেদের সঙ্গে যোগাযোগই করতে পারেননি তিনি। গত ৩০ জুন  উত্তরার অফিসে এসে টাকা চাইলে সাহেদ তার কপালে পিস্তল  ঠেকিয়ে বলেন, গুলি করে তোর লাশ নদীতে ভাসিয়ে দেব। আর যদি ঢাকায় আসিস তোর শরীরে গুলি করার জায়গাও থাকবে না। এখলাছ জানান, তখন সাহেদের সঙ্গে আরো চার-পাঁচ জন ছিল, সকলের কাছেই অস্ত্র ছিল। তিনি জীবন নিয়ে কোনোরকম বেঁচে আসেন। একই ভাবে রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের কাছে বালু-পাথর বাবদ ৪০ লাখ ৫২ হাজার ২৩৫ টাকা পাওনা থাকলেও আজ দেব, কাল দেব বলে আর দেয়নি। এখলাছ আরো জানান, সাহেদ ও পারভেজ গ্রেফতার হবার পর তাদের বিরুদ্ধে ছাতক থানায় বেশ কয়েকবার মামলা করতে গেলেও পুলিশ মামলা রেকর্ড করতে রাজি না হওয়ায় তিনি উত্তরা থানায় এই মর্মে অভিযোগ দাখিল করেছেন।