পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের আধিপত্য বিস্তারের ঘটনায় খুন হয়েছেন যুবলীগ সহসভাপতি রাকিব উদ্দিন রুম্মান তালুকদার (৩০) ও যুবলীগ নেতা সাব্বির আহম্মেদ ইসাদ তালুকদার (২৭) নামের দুই চাচাতো ভাই। গত রবিবার সন্ধ্যায় উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রুম্মানের ভাই মো. মফিজউদ্দিন মিন্টু তালুকদার বাদী হয়ে কেশবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন লাভলুকে প্রধান আসামি করে ৫৯ জনের নামে ও ১৫/১৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রুম্মান তালুকদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন পিকুর আপন ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে কেশবপুর বাজারে রুম্মান তালুকদার ও ইসাদ তালুকদার একটি চায়ের দোকানে চা খাচ্ছিল। আচমকা রফিক বেপারী, ফারুক, রাশমোহন, ইব্রাহিম, রাসেল, নুরুল ইসলামসহ কয়েক জন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে রুম্মান ও ইসাদের ওপর আক্রমণ করে। এতে রুম্মান ও ইসাদসহ ছয় জন আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সক ডা. আখতারুজ্জামান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ইসাদের মৃত্যু হয়। রাত ৯টার সময় রাকিবকে নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
