বাঙালির শোকাবহ আগস্ট মাস আবার ঘুরে এসেছে সময়ের অমোঘ নিয়মে। দেশি-বিদেশি চক্রান্তকারীদের একটি অংশ কতিপয় বিপথগামী সেনাসদস্য স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা-পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে এই মাসের ১৫ তারিখ অতি ভোরে। তাই ১৫ আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। জাতির জন্য দিনটি মহাকলঙ্কের। আমি তার স্মৃতির প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তার পরিবারের সব সদস্যকে, যাদেরকে হায়েনারা তার সঙ্গে হত্যা করে। দোয়া করি, আল্লাহ যেন বঙ্গবন্ধু এবং অন্য সবাইকে মাগফিরাত দান করেন।
এবার দিনটি মুজিববর্ষে পড়েছে। করোনা মহামারির কারণে পরিকল্পনা অনুযায়ী তার শততম বর্ষ উদ্যাপন পরিকল্পনা অনুযায়ী সম্ভব হচ্ছে না। কিন্তু যারা তাকে আন্তরিকভাবে অনুসরণ করেন, শ্রদ্ধা করেন এবং তার আদর্শে অনুপ্রাণিত— তারা এই বছর দ্বিগুণ উত্সাহে তার সোনার বাংলা গড়ার মানস আরো পরিপুষ্ট, অঙ্গীকার আরো গভীর, চিন্তাচেতনা আরো ক্ষুরধার এবং কর্মকাণ্ড আরো ব্যাপক করবেন বলে আমি বিশ্বাস করতে চাই।
বর্তমানে অবশ্য মুখোশধারী অনেকেই বঙ্গবন্ধু বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ার চেষ্টা করছেন। যদি অন্য সুযোগ আসে তবে সাপের মতো খোলস ছেড়ে তারা তাদের আসল রূপে আবির্ভূত হতে মোটেই দেরি করবেন না। আর যারা প্রকৃত বঙ্গবন্ধু-অনুসারী তাদের অনেকে নিজেদের কাজকর্ম বক্তৃতা-বিবৃতি ও আনুষ্ঠানিকতায় বেশি সীমাবদ্ধ রাখেন এবং সেভাবে দেখাতে চান যে, তারা কত বঙ্গবন্ধুপ্রেমী! রীতিমতো প্রতিযোগিতা চলছে। ফলে, যে কাজ আসলে করা উচিত সেদিকে নজর দেওয়ার সময় বা আগ্রহ তাদের কমই রয়েছে। আসল কাজ হলো :বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়া, তার কাঙ্ক্ষিত শোষণমুক্ত, দারিদ্র্য ও বঞ্চনামুক্ত, দেশের সম্পদের চোরমুক্ত, ধান্ধাবাজমুক্ত, চাটুকারমুক্ত এবং চেয়ারের দৌরাত্ম্য দেখানেওয়ালামুক্ত পরিবেশে প্রত্যেক বাংলাদেশির মানবাধিকার ও মানব-মর্যাদা নিশ্চিত করে এমন অসাম্প্রদায়িক অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করা। সে কাজ করলেই বঙ্গবন্ধুর আদর্শের প্রতি, বাংলার ও বাঙালির জন্য তার সারা জীবনের ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের প্রতি এবং দেশের স্বাধীনতার মহানায়কের যে গুরুদায়িত্ব সফলভাবে পালন করেন তার প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে। তার আদর্শ স্থায়িত্ব পাবে এবং তিনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এদেশের মানুষের প্রেরণার অমোঘ উত্স হয়ে থাকবেন।
এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর উল্লেখযোগ্য একটি হচ্ছে, বিপুল তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শের মূল বার্তাগুলো কার্যকরভাবে পৌঁছানোর ওপর শানিত দৃষ্টি দিয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
[লেখক :অর্থনীতিবিদ]
