উত্তরায় প্রকৌশলীকে মারধর, ‘টিকটক অপু’ গ্রেফতার

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ০০:৫৪

উত্তরায় এক প্রকৌশলীকে মারধরের ঘটনায় কথিত টিকটক তারকা অপু এক সহযোগীসহ গ্রেফতার হয়েছে। সোমবার সন্ধ্যায় উত্তরা এলাকা থেকে উত্তরা মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে রবিবার উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকার স্থানীয় লোকজনকে মারধরের অভিযোগে একটি মামলা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ঈদের দিন শনিবার অপুর হিংস্র আচরণের শিকার হন মেহেদী হাসান রবিন নামে একজন প্রকৌশলী এবং তার বন্ধুরা। এই ঘটনায় উত্তরার পূর্ব থানায় অপুসহ তার বন্ধু রনি, মুরাদ, জমিরউদ্দিন, নাজমুল, শাহদাত হোসেন শাকিলসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। এদিকে বিতর্কিত টিকটকার ‘অপু ভাই’ ও মামুনসহ কয়েক জনের আইডি ব্যান করা হচ্ছে বলে জানানো হয়েছে ‘সাইবার-৭১’ এর অফিসিয়াল ফেসবুক পেজে।