সেই দিবালাই সিরিআর সেরা

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২১:০৩

স্পোর্টস ডেস্ক

দারুণ চড়াই-উতরাই ভরা এক মৌসুম শেষে সিরিআর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পাওলো দিবালা। পেছনে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাকে, কিরো ইমোবিলে, পাপু গোমেজ কিংবা জোসেপ ইলিসিচদের ক্যারিয়ারের সেরা পারফরম্যান্সকেও।

দিবালা জুভেন্তাসের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ১১ গোল করে আর সমানসংখ্যক গোল করিয়ে। তাই রোনালদোর ৩১ গোল, ইমোবিলের ৩৫ গোল কিংবা পাপু গোমেজ-জোসেপ ইলিসিচদের পারফরম্যান্সের চেয়েও বিচারকদের চোখে গুরুত্বপূর্ণ ঠেকেছে তার পারফরম্যান্সই, ফলে ক্যারিয়ারে প্রথমবারের মতো সিরিআর ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ খেতাব জেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

গত মঙ্গলবার লিগের সেরা গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার আর ফরোয়ার্ডের নামও ঘোষণা করে সিরিআ কর্তৃপক্ষ। জুভেন্তাস গোলরক্ষক অয়েচিখ সজেস্নি হন সেরা গোলরক্ষক, সেরা ডিফেন্ডারের পুরস্কার ওঠে ইন্টার মিলানের ডাচ খেলোয়াড় স্টেফান ডি ভ্রাইএর হাতে। সেরা মিডফিল্ডার হন আরেক আর্জেন্টাইন আলেহান্দ্রো পাপু গোমেজ। আর সেরা ফরোয়ার্ডের পুরস্কারটা অনুমিতভাবেই ওঠে ৩৫ গোল করে সিরিআ গোল্ডেন বুট ‘ক্যাপোক্যানোনিয়েরে’ আর ইউরোপিয়ান গোল্ডেন সু জেতা ইমোবিলের হাতে।