ভাণ্ডারিয়ায় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২১:১০

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম নবীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম প্রমুখ।

দিবসটি পালন উপলক্ষ্যে ঐ দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত, সকাল ৯টায় শোক র্যালি, সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ১০টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১১টায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাড়ে ১২টায় মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এবং কলেজ পর্যায়ে জুম অ্যাপের মাধ্যমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভা এবং দোয়া ও বাদ জোহর উপজেলার সব মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ ছাড়াও পৃথকভাবে জাতীয় পার্টি-জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষ্যে বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মোনাজাত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।