টেক্সটাইল ও রাসায়নিক শিল্পে বিনিয়োগ করবে চীনের ইয়াবাং গ্রুপ

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২১:৩১

ইত্তেফাক রিপোর্ট

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে টেক্সটাইল ও অন্যান্য রাসায়নিক শিল্প স্থাপন করবে চীনের ইয়াবাং ইনভেস্টমেন্ট হোল্ডিংস গ্রুপ কো. লিমিটেড। এজন্য ১০০ একর জমি ইজারা নিয়েছে প্রতিষ্ঠানটি। গত মঙ্গলবার বেজা কার্যালয়ে এ লক্ষ্যে ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। ইয়াবাং গ্রুপের পক্ষে উপমহাব্যবস্থাপক উই ঝু এবং বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. ইরফান শরীফ জমির ইজারা চুক্তিতে সই করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মাহবুব উজ জামান, ইয়াবাং গ্রুপের চেয়ারম্যান জু জিয়াওচ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

ইয়াবাং ইনভেস্টমেন্ট হোল্ডিংস গ্রুপ কো. লিমিটেড একটি চীনা সংস্থা যা মূলত চীনের ইয়াবাং গ্রুপের অন্তর্ভুক্ত। তারা ডাইং ও পেইন্টিংয়ের ক্ষেত্রে অন্যতম বৃহত্ শিল্পপ্রতিষ্ঠান। এই গ্রুপটি জিয়াংসু স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত। ডাই ও রং ছাড়াও পিগমেন্ট, ফার্মাসিউটিক্যালস, ভেটেরিনারি ওষুধ, কীটনাশক, ফটোভোলটাইকস, মাইনিং, লজিস্টিক্স, আর্থিক প্রতিষ্ঠান এবং রিয়েল এস্টেট সেক্টরে তাদের বিনিয়োগ রয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়েছে, তারা ইতিমধ্যে ৩০ কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব জমা দিয়েছে। বার্ষিক ইজারা ভিত্তিতে ১০০ একর জমিতে এই শিল্প স্থাপন করা হবে। ২০২১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠানটি প্রকল্পের কাজ শুরু করতে চায়। ইতিমধ্যে মাস্টার প্ল্যান জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি তারা প্রকল্পের পরিবেশ ব্যবস্থাপনা পরিকল্পনাও জমা দিয়েছে। এই বিনিয়োগ হবে শতভাগ বিদেশি মালিকানাধীন বিনিয়োগ। উত্পাদিত পণ্য ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে রপ্তানি করা হবে। প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছে, বার্ষিক ১৪ কোটি ৬০ লাখ ডলারের পণ্য রপ্তানি করা হবে। তাছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ৯ কোটি ৭৬ লাখ ডলার মূল্যের পণ্যও বাজারজাত করার লক্ষ্য রয়েছে। সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, করোনা ভাইরাসের এ প্রাদুর্ভাবেও বেজা বিভিন্নভাবে কাঙ্ক্ষিত বিনিয়োগ আকর্ষণ করতে সমর্থ হয়েছে।