ইত্তেফাক রিপোর্ট
করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘ মেয়াদে সহায়তা দিতে বড় বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা (সিইও) যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কাছে আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী যুক্তরাষ্ট্রের বৃহত্ প্রতিষ্ঠানের ১০০-এর বেশি প্রধান নির্বাহী কংগ্রেসের কাছে আর্জি জানিয়ে চিঠি দিয়েছে। চিঠিতে সেলসফোর্সের সিইও মার্ক বেনিফ, স্টারবাক্সের প্রতিষ্ঠাতা হাওয়ার্ড শুল্টজ, আমেরিকান এক্সপ্রেসের প্রাক্তন সিইও কেন চেনাল্ট, ওয়ালমার্টের প্রধান নির্বাহী ডগ ম্যাকমিলন উল্লেখ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) ৪৪ ভাগ আসছে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের মাধ্যমে। তাছাড়া বেসরকারি খাতের অর্ধেক কর্মসংস্থান তৈরি করছে এই ক্ষুদ্র উদ্যোক্তারা। এজন্য তাদের দীর্ঘ মেয়াদে সহায়তা করা প্রয়োজন। এই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে—গুগলের সিইও সুন্দর পিচাই, ইউনিয়ন স্কয়ার হসপিটালিটি গ্রুপের সিইও ড্যানি মায়ার, মেরিয়ট সিইও অর্ন সোরেসন, মাস্টারকার্ডের সিইও অজয় বঙ্গ, অল্টা বিউটির প্রধান নির্বাহী মেরি ডিলন, এইচপির প্রাক্তন সিইও মেগ হুইটম্যান প্রমুখ।
