করোনায় আরো ৩৩ জনের মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২০, ২২:৫৩

দেশে করোনার নমুনা পরীক্ষা ও শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৬০ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৬৫৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবারের চেয়ে গতকাল ৭৩৬ জন বেশি শনাক্ত হয়েছেন। মঙ্গলবার ৭ হাজার ৭৭২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৯১৮ জন। গত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়ে ৩ হাজার ৩৮৮টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ১২ হাজার ৪১৬ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার             ২৩ দশমিক ৭৮ শতাংশ। গতকাল বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। এক দিনে আরো ৩৩ জন মারা গেছেন। মঙ্গলবারের চেয়ে গতকাল ১৭ জন কম মারা গেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ২৬৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় গতকাল মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।