যমুনায় পিকনিকের নৌকা ডুবে পাঁচ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রাত ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ আরোহীদের সন্ধান মিলেনি। জানা যায়, গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের স্কুলকলেজ পড়ুয়া ২২ যুবক গতকাল বুধবার সকালে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই ঘাট থেকে ৪ হাজার টাকা ভাড়ায় একটি ইঞ্জিনচালিত নৌকায় পিকনিকের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে বেড়াতে যায়। সেখানে দুপুরে খাওয়া শেষে গোপালপুর ফেরার পথে বিকাল ৫টায় সিরাজগঞ্জের চায়না ঘাটের অদূরে প্রবল স্রোতে নৌকাটি আরোহীসহ সকলে ডুবে যায়। কেউ কেউ সাঁতার কেটে এবং অন্যরা এলাকাবাসীর সহযোগিতায় মোট ১৭ জন তীরে উঠলেও পাঁচ জন নিখোঁজ রয়ে যায়।
পিকনিক পার্টির সদস্য মামুন জানান, নিখোঁজরা হলেন বাইশকাইল গ্রামের শরীফ, মারুফ, মিজান, শাহাদত্ ও হাসিব। তারা সাঁতার জানতো না বলে মামুন জানান। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, তিনি কিছুক্ষণ আগে খবরটি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। গোপালপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সংবাদকর্মীদের নিকট তিনি খবরটি পেয়েছেন। নৌ-পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
