ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করপোরেশনের আওতাধীন এলাকায় অবৈধ ক্যাবল সংযোগ উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকাল বুধবার কার্যক্রম শুরুর প্রথম দিনে ধানমন্ডির মিরপুর রোডের সিটি কলেজ থেকে ল্যাবএইড হাসপাতাল, জিগাতলা বাসস্ট্যান্ডের আশপাশের এলাকায় এবং নগর ভবনের চারপাশে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামানের নেতৃত্বে ধানমন্ডির ২ থেকে ৪ নম্বর রোড ও জিগাতলা এলাকায়, সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে সকালে বঙ্গবাজার ট্রাফিক সিগন্যাল থেকে নগর ভবন হয়ে গুলিস্তান এবং ফুলবাড়িয়া মার্কেট এলাকায় এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। গতকাল বিকাল পৌনে ৫টায় উভয় ভ্রাম্যমাণ আদালত প্রথম দিনের কার্যক্রম শেষ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান চলমান কার্যক্রম সম্পর্কে বলেন, ডিএসসিসির মেয়রের নির্দেশনার আলোকে ও ‘ক্যাবল টেলিভিশন পরিচালনা আইন, ২০০৬’ মোতাবেক ডিএসসিসি এলাকায় অবৈধ ক্যাবল সংযোগের বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলছে।
