আদিবাসি মিজাননের রচনা ও পরিচালনায় ঈদের নাটক ‘চড়া তালুকদার’ -এ আজ দেখা ঊর্মিলা শ্রাবন্তি করকে। নাটকটি আজ রাত ৮টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে। নাটকটিতে ঊর্মিলা ছাড়াও অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া, আরফান, সাজু খাদেম প্রমুখ।
চড়া তালুকদার, নাম তার পরান তালুকদার। পৈত্রিক সূত্রে, বিষয়-সম্পত্তি যেমন পেয়েছে তেমনি পেয়েছে বদরাগী মেজাজ। পান থেকে চুন খসলেই তুলকালাম কাণ্ড বাঁধানো তার স্বভাব। দেখা গেল, বিকেলে হাঁটার জন্য বের হয়েছে, বেখেয়ালে উঁচু মাটিতে হোঁচট খেয়েছে, এটা নিয়ে সে বাড়ির কাজের লোকদের ওপর চোটপাট করছে যে, রাস্তার মাটি উঁচু কেন? এখন ঠিক করো, দরকার হলে মিস্ত্রি এনে রাস্তা পাকা করো। আবার রাতে তার এক গ্লাস দুধ হাল্কা চিনি দিয়ে খাওয়ার অভ্যাস, কিন্তু সেদিন লবণ দিয়ে দুধ খেতে ইচ্ছে করেছে। বাড়ির কাজের লোকের কাছে এই নিয়ে কৈফিয়ত চায় দুধে চিনি দেওয়ার আগে তাকে কেন জিজ্ঞেস করা হলো না। ইদানিং তার মেজাজ আর চড়ে থেকে, কারণ তার স্ত্রী বাপের বাড়ি গেছে ৫ দিনের জন্য। চতুর্থ দিন তার মনে হলো আজই তার স্ত্রীকে দেখতেই হবে। যে কথা সেই কাজ। স্ত্রীকে আনতে গাড়ি পাঠায় শ্বশুরবাড়ি। স্ত্রী আজ বেলা পড়ে গেছে বলে গাড়ি ফেরত পাঠায়। পরান তালুকদার এটাকে চরম অপমান ভেবে সেই রাতেই পাশের গ্রাম থেকে অনেক সুন্দরী এক মেয়েকে বিয়ে করে আনে। খবর শুনে প্রথম স্ত্রী ভোরবেলা কাঁদতে কাঁদতে হাজির। শুরু হয় দুই সতীনের সংসার। পরান তালুকদার কৌশলে দুই বউকে ফরমায়েশের ওপর রাখে। কখনো বলে আজ মুরগি রান্না হবে, কিন্তু খেতে বসে খুঁত ধরে বলে না তেমন স্বাদ হয়নি, ছোট কাচকি মাছ খেতে ইচ্ছে করছে। রাতে খেতে বসে বলে, শোল মাছের পাতলা ঝোল খাবে—এমনই নানা অদ্ভুত ফরমায়েশ। তালুকদার কৌশলে এক বউয়ের দুর্নাম অন্য বউয়ের কাছে করে, যাতে দু-জনের ঝগড়া বাঁধে। কিছুদিন যাওয়ার পর দুই বউ বুঝতে পারে এটা তালুকদারের চাল।
