বার্জার পেইন্টসের ৪৭তম এজিএম অনুষ্ঠিত

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:১০

ডিজিটাল প্ল্যাটফরমে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীর সভাপতিত্বে কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জেরাল্ড কে অ্যাডামসসহ অন্য পরিচালকবৃন্দ—অনীল ভাল্লা, জ্যঁ ক্লদ লুত্রেই, আনিস এ খান, মাসুদ খান, রিশমা কাউর, কানওয়ারদ্বীপ সিং ধিঙরা, সুনীল শর্মা, পারভীন মাহমুদ এবং আব্দুল খালেক এ সভায় উপস্থিত ছিলেন।

রূপালী চৌধুরী ২০২০ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের সামনে পরিচালনা পর্ষদের প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী তুলে ধরেন। সভায় রূপালী চৌধুরী শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সভায় ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ২৯৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। চলতি বছরের মার্চ মাস শেষে প্রতিষ্ঠানটির নিট মুনাফা বৃদ্ধি ছিল ১৬.৭২ শতাংশ এবং বিক্রয় প্রবৃদ্ধি ছিল ৬.১৩ শতাংশ। ব্যয় হ্রাস এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার ধারাবাহিক প্রচেষ্টার ফল এ প্রবৃদ্ধি। —প্রেস বিজ্ঞপ্তি