দুর্নীতিবাজদের সতর্ক করে দিলেন চসিকের নবনিযুক্ত প্রশাসক

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:২২

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই দুর্নীতিবাজদের সতর্ক করে দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বৃহস্পতিবার সকালে নগর ভবনে গিয়ে দায়িত্ব গ্রহণের পরপরই চসিক কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় মিলিত হন। সদ্য বিদায়ি মেয়র আজম নাছির উদ্দিনের উপস্থিতে অনুষ্ঠিত সভায় সুজন দুর্নীতিবাজদের ‘বিসমিল্লাহ পড়ে তওবা’ করার আহ্বান জানিয়ে বলেন, আমি যার কাজে অনিয়ম দেখব, দুই নাম্বারি দেখব, নগরবাসীর সঙ্গে যারা বেইমানি করবেন তাদের আমি কোনোভাবেই ছাড় দেব না। যারা ঘুষ খায়, মানুষকে কষ্ট দেয় তাদের আমি ছাড় দেব না। এসব অন্যায়ের সঙ্গে আমি আপস করব না। ভুল করা অপরাধ না। কিন্তু ইচ্ছা করে ভুল করা অপরাধ। নগর ভবনকে দলীয় কার্যালয় না বানানোর অঙ্গীকার ব্যক্ত করে নগর আওয়ামী লীগের সহসভাপতি সুজন বলেন, আমি রাজনীতি করব দলীয় কার্যালয় থেকে। সিটি করপোরেশনে বসে নগরবাসীর সেবা করব। আমি ১৮০ দিন সময় পেয়েছি, ১৮০ দিনই আমি রাস্তায় থাকব। আমার ভুল হতে পারে, তবে অসততা থাকবে না। প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে দিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করাচ্ছেন। উনারা রাতদিন পরিশ্রম করছেন। আশা করছি, এক বছরের মধ্যে একটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা পৌঁছাতে পারব।

পরিচিতি সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।