আশাশুনির বাহাদুরপুর তেঁতুলিয়া সড়কে ভাঙন

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:২৫

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাহাদুরপুর-তেঁতুলিয়া বাজার সড়কে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। দ্রুত সড়কটি রক্ষায় সংস্কার কাজ না করা হলে পুরো সড়ক ভেঙে চলাচল অনুপযোগী হওয়ার আশঙ্কা রয়েছে।

কুল্যা ইউনিয়ন পরিষদের সামনে থেকে বাহাদুরপুর গ্রামের ভেতর দিয়ে ওয়াপদার রাস্তার ওপর দিয়ে তেঁতুলিয়া বাজারমুখী সড়কটির নির্মাণকাজ শেষ হয় মাত্র ২ বছর আগে। সড়কটি দিয়ে কুল্যা ইউনিয়নসহ বড়দল, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর ইউনিয়নসহ বুধহাটা ও পার্শ্ববর্তী ইউনিয়নসমূহের মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। সড়কটি ব্যস্ততম সড়কে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত যানবাহন সড়ক দিয়ে চলাচল করে থাকে। সড়কের গাবতলা গ্রামের মধ্যে প্রায় অর্ধ কিলোমিটার এলাকার নদীর পার্শ্বে ভাঙন শুরু হয় ছয় মাস আগে। সড়কের পাশ থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে সড়কে ব্যবহার করায় সড়কটি দুর্বল ছিল। পরবর্তীকালে বেতনা নদীর লবণাক্ত পানি ও পানির ঢেউ সড়কের স্লোপে আছড়ে পড়ায় স্লোপের মাটি সরে গেছে। বর্তমানে মাটি ভেঙে পড়ে যাওয়ার পাশাপাশি পিচঢালাই অংশও ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় অর্ধ কিলোমিটার এলাকায় মূল সড়কের অংশ ধসে পড়েছে।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, পানির ঢেউয়ের আঘাতে স্লোপের মাটি সরে যাওয়ায় ভাঙন শুরু হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদারকে জরুরিভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে।