গোপালপুর ইউনিয়নের আস্তিকপাড়া গ্রামে সরকারিভাবে কাটা একটি খালে অবৈধভাবে বাঁধ দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আস্তিকপাড়া বিলে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে প্রায় ৩০০ বিঘা জমিতে রোপণ করা ধানের চারা ডুবে গেছে। এছাড়া পানির নিচে থাকায় আরো ২০০ বিঘা জমিতে ধানের চারা রোপণ সম্ভব হচ্ছে না। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা গত সোমবার ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাঁশ, কাঠ ও টিন দিয়ে বাঁধ দিয়ে পানি আটকে রাখা হয়েছে। এতে বিলে রোপণ করা অধিকাংশ জমির ধানের চারা ডুবে গেছে। কিছু জমিতে চারার মাথা না ডুবলেও এভাবে পানি জমে থাকলে সেগুলোও নষ্ট হয়ে যাবে। আস্তিকপাড়া গ্রামের চা-বিক্রেতা রফিজউদ্দিন বলেন, খালে বাঁধ দেওয়ায় আমার জমি ডুবে গেছে। এখন সারা বছর আমি কি খাব। রাজাপুর বাজার এলাকার বয়োবৃদ্ধ কৃষক আবুল কালাম আযাদ জানান, আমার মোটে দেড় বিঘা জমি। অনেক কষ্টে সে জমিতে ধান লাগিয়েছিলাম। কিন্তু সব ধান ডুবে গেছে। বাঁধের কারণে পানি নিষ্কাশন না হওয়ায় চারাগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান জানান, বিষয়টি আমি জানি, এ ঘটনায় স্থানীয় কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টির আশু সমাধান হওয়া দরকার। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ জানান, এ ব্যাপারে আমি লিখিত অভিযোগ পেয়েছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
