বন্যার মধ্যেও চিকিত্সাসেবা চালিয়ে যাচ্ছে কুমুদিনী হাসপাতাল

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৩০

মির্জাপুরে কুমুদিনী হাসপাতালসহ কুমুদিনী কমপ্লেক্স বন্যাকবলিত এই দুর্যোগের মধ্যেও চিকিত্সাসেবা অব্যাহত রখেছে। বৃহস্পতিবার কুমুদিনী কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, চারপাশে বন্যার পানি থইথই করছে। এই দুর্যোগের মধ্যেও চিকিত্সক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে রোগীদের নানাভাবে চিকিত্সাসেবার জন্য কাজ করে যাচ্ছেন।

কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, প্রায় ১ হাজার ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে প্রতিদিন শত শত রোগী চিকিত্সাসেবা পেয়ে আসছেন। গত ১৫-২০ দিনের টানা বৃষ্টি ও বন্যার পানিতে হাসপাতালের কার্যক্রম লন্ডভন্ড করে দিয়েছে। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের শিক্ষা পরিচালক একুশে পদকপ্রাপ্ত প্রতিভা মুত্সুদ্দি বলেন, করোনা মোকাবিলার জন্য কুমুদিনী হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাক্তার, নার্স ও সেবাকর্মীদের পিপিই সরবরাহ করা হয়েছে।