গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৩৩

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বসন্তপুর এলাকায় মোটরসাইকেল বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে আরোহী ফারুক ঘটনাস্থলেই নিহত হন। নিহত ফারুক রাজশাহীর বাঘা উপজেলার সোনাদহ গ্রামের বাসিন্দা জসিমউদ্দিনের ছেলে। তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাঁপাইনবাবগঞ্জে চাকরিতে যোগদানের জন্য যাচ্ছিলেন। এদিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে কসাইপাড়া নামক স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন আহত হয়। এছাড়া সকাল ৯টার সময় মহিশালবাড়ী বাজারে দুটি ট্রাকের সংঘর্ষে চার জন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, মোটরসাইকেল আরোহীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।