দৌলতদিয়া ঘাটে হারিয়ে যাওয়া শিশু ফিরে পেল মাকে

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৩৪

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দৌলতদিয়া ঘাট বাস টার্মিনাল থেকে হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাটের প্রবেশপথ থেকে তৃষা আক্তার নিঝুমকে (১১) উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন শেখ। তৃষার মা জান্নাতুল খাতুন বলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থেকে মেয়েকে সঙ্গে নিয়ে সাভারে ফিরছিলেন। বাসে দৌলতদিয়া ঘাটে নামার পর মাস্ক কিনতে গিয়ে অনেক লোকের ভিড়ে তৃষা হারিয়ে যায়। খোঁজাখুঁজির পর না পেয়ে দৌলতদিয়া পুলিশ বক্সে এসে রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিনকে বিষয়টি বলি। তারপর দ্রুত সময়ের মধ্যে তৃষাকে খুঁজে এনে আমার হাতে তুলে দেন তিনি।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সালাহউদ্দিন শেখ বলেন, দৌলতদিয়া পুলিশ বক্সে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে, ঘাট এলাকায় কর্মরত শতাধিক পুলিশ সদস্যকে মেয়েটির সম্পর্কে অবহিত করা হয়। ফুটেজ দেখে লঞ্চঘাট এলাকায় তৃষার অবস্থান শনাক্ত করে তার মায়ের হাতে তুলে দিই।