ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের এক বছর পূর্তির দিন পাকিস্তানের করাচিতে আয়োজিত একটি সমাবেশে গ্রেনেড হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদেরকে দ্রুত বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এক জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা।
করাচির পুলিশপ্রধান গুলাম নবি মেমন বলেছেন, সমাবেশে গ্রেনেড ছুড়ে মারা হয়েছে। এতে কয়েক জন আহত হয়েছে। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সিন্ধুদেশ রেভল্যুশনারি আর্মি (এসআরএ) এ হামলার দায় স্বীকার করেছে। গত কয়েক মাসে গোষ্ঠীটি সক্রিয় ছিল। পাকিস্তানের করাচিতে বুধবারের সমাবেশ আয়োজন করেছিল জামাত-ই ইসলামি। গ্রেনেড হামলার পর সমাবেশটি বাতিল করা হয়। সিন্ধুদেশ রেভল্যুশনারি আর্মি (এসআরএ) গত জুনেও তিনটি হামলায় ছয় জন নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছিল। এই গোষ্ঠীটি পাকিস্তান ফেডারেশন থেকে সিন্ধু প্রদেশের বিচ্ছিন্নতার দাবি করে আসছে।
