ভয়াবহ আগুনে পুড়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের একটি বাজার। সংবাদমাধ্যম খালিজ টাইম জানিয়েছে, বুধবার সন্ধ্যায় আজমানের একটি ফল ও সবজির বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। পুলিশ সূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগুনে কেউ হতাহত হয়নি।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আজমানের একটি শিল্পাঞ্চলে অবস্থিত ঐ মার্কেটে আগুন লাগে। পাশের একটি হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় রোগীদের সরিয়ে নেওয়া হয়। আগুনের কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে, একটি ইরানি দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। করোনা ভাইরাস মহামারির কারণে বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল দোকানটি। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ধীরে ধীরে গ্রাস করে ফেলে গোটা এলাকা। পরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাত্ক্ষণিকভাবে হতাহত বা আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
