ভারতে করোনা হাসপাতালে আগুন আট রোগীর মৃত্যু

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৩৭

ভারতের গুজরাটে কোভিড-১৯ চিকিত্সায় নিয়োজিত একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট রোগীর মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। আহমেদাবাদের নাভরাংপুর এলাকার শ্রেই হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে আগুন লাগে। তাত্ক্ষণিকভাবে দমকল বাহিনীর আটটি ফায়ার ইঞ্জিন ও ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। তিন নারীসহ আট নিহতের সবাই হাসপাতালটির নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিত্সাধীন ছিলেন।

আগুন লাগার সময় ৫০ শয্যার হাসপাতালটিতে ৪৫ জনের মতো রোগী ভর্তি ছিলেন। যে রোগীর মৃত্যু হয়েছে তারা বাদে বাকিদের উদ্ধার করে সর্দার বল্লবভাই প্যাটেল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আহমেদাবাদের হাসপাতালে আগুনের ঘটনায় কষ্ট লাগছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। পরিস্থিতি নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ও আহমেদাবাদের মেয়রের সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।’ বৃহস্পতিবার সকালেও ঘটনাস্থলে থাকা দমকল কর্মীদের উদ্ধার তত্পরতা চালাতে দেখা গেছে। হাসপাতালটির বাইরে দেখা গেছে রোগীদের উদ্বিগ্ন স্বজনদের ভিড়। প্রাথমিকভাবে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ভারতের যে ১০টি রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি, গুজরাট তার অন্যতম। রাজ্যটিতে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের প্রায় ৪৮ হাজারই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৯ লাখ ৬৪ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে ৪০ হাজার ৬৯৯ জনের।