লাতিন আমেরিকার দেশ পেরুতে করোনা ভাইরাসের কারণে লকডাউনে সহস্রাধিক নারী ও অল্প বয়স্ক মেয়ের কোনো হদিশ মিলছে না। গত মার্চ থেকে সেখানে প্রাণঘাতী ভাইরাসের মোকাবিলায় লকডাউন ঘোষণা করা হয়। আশঙ্কা করা হচ্ছে, এদের মধ্যে অনেকেই মারা গেছেন। দেশটির কর্তৃপক্ষ জানায়, ১৬ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত ৯১৫ জনের নিখোঁজ হওয়ার রিপোর্ট তাদের কাছে আসে। এদের মধ্যে ৬০৬ জন অল্প বয়স্ক মেয়ে এবং বাকি ৩০৯ জন প্রাপ্তবয়স্ক নারী। গত সপ্তাহে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানায়, জুলাই পর্যন্ত মোট ১ হাজার ২০০ নারী ও অল্প বয়স্ক মেয়ে নিখোঁজ হয়েছে। ইসাবেল অর্টিজ নামে এক জন নারী অধিকার কর্মী জানান, এতো মানুষের নিখোঁজ হওয়ার বিষয়টি সত্যিই ভয়ানক একটা ব্যাপার। এটি আমাদের দারুণভাবে ভাবিয়ে তুলেছে। আমরা এ পর্যন্ত কতজন মানুষ নিখোঁজ হয়েছে তার সংখ্যা জানি কিন্তু এরপর কতজন পাওয়া গেছে তার বিস্তারিত বিবরণ আমরা পাইনি। আমরা সংশ্লিষ্ট জায়গা থেকেও এর সঠিক কোনো সংখ্যা জানতে পারিনি।
