বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানির অনুমতি 

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২১:৫৬

চালের বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানির অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রয়োজনীয় চাল আমদানির অনুমতি দিয়েছেন। 

উল্লেখ্য, এবার বোরো মৌসুমে সরকার মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজিতে দেড় লাখ টন আতপ চাল কেনার চুক্তি করে। এছাড়া কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজিতে আট লাখ টন বোরো ধান কেনার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় মিলাররা চুক্তি অনুযায়ী সরকারের গুদামে চাল সরবরাহে গড়িমসি করছে। তারা চালের সরবরাহ মূল্য বাড়ানোর দাবি জানিয়েছে। এ নিয়ে খাদ্যমন্ত্রী মিলারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিলেও তা কোন কাজে আসেনি।

 

ফলে একদিকে যেমন সরকারের মজুত লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে করোনা সংকটকালীন সময়ে দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ অবস্থায় সরকার শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। 


ইত্তেফাক/ইউবি