চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানির অনুমতি

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২২:০৫

চালের বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানির অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রয়োজনীয় চাল আমদানির অনুমতি দিয়েছেন। উল্লেখ্য, এবার বোরো মৌসুমে সরকার মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ১০ লাখ টন সিদ্ধ চাল, ৩৫ টাকা কেজিতে দেড় লাখ টন আতপ চাল কেনার চুক্তি করে। এছাড়া কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজিতে ৮ লাখ টন বোরো ধান কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় মিলাররা চুক্তি অনুযায়ী সরকারের গুদামে চাল সরবরাহে গরিমসি করছে।