মোহাম্মদপুরে ফ্ল্যাটে তরুণীর গলিত লাশ

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২২:০৬

রাজধানীর মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মেস করে থাকা ঐ ফ্ল্যাটে ঈদের দিন থেকে তিনি একাই ছিলেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের ৫ নম্বর সড়কের ৩ নম্বর ভবনের দোতলার ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মেসের এক বাসিন্দা জানিয়েছেন, আনুমানিক ১৭-১৮ বছরের ঐ তরুণীর নাম জেরিন এবং তার বাড়ি দিনাজপুর বলে জানালেও এই পরিচয় সঠিক কি না তা নিয়ে সন্দিহান পুলিশ।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানিয়েছেন, লাশটি ডাইনিং স্পেসে পড়ে ছিল। মেঝেতে জমাট বাঁধা রক্ত এবং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো দেখা গেছে। লাশটি গলে যাওয়ায় মৃত্যুর কারণ তাত্ক্ষণিক নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই ফ্ল্যাটের একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন রত্না নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জন শিক্ষার্থী। তিনিই কয়েক দিন পর ঐ ফ্ল্যাটে ফিরে মেয়েটির লাশ পড়ে থাকতে দেখেন। রত্না জানিয়েছেন, ঈদের দিন তিনি এক নিকটাত্মীয়ের বাসায় যান। সকালে মেসে ফিরে চাবি দিয়ে দরজা খুলেই দুর্গন্ধ পান তিনি। একটু ভেতরে ঢুকে দেখেন জেরিন মৃত অবস্থায় পড়ে আছে।