টিকটকার অপুর জামিন নাকচ, থাকতে হচ্ছে কারাগারেই

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ২২:০৭

সড়কে পথচারীকে মারধরের মামলায় টিকটক ভিডিও নির্মাতা ইয়াসীন আরাফাত অপু ওরফে অপু ভাইয়ের জামিন নাকচ করে দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ জালাল। তিনি বলেন, ‘আজ (গতকাল) আদালতে টিকটকার অপু জামিনের আবেদন করলে, আদালত শুনানি শেষে তার জামিনের আবেদন নাকচ করে দেয়। ফলে তাকে এখন কারাগারেই থাকতে হচ্ছে। এর আগে গত ৩ আগস্ট টিকটকার অপুকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। সে সময় গ্রেফতার করা হয় তার এক সহযোগী নাজমুলকেও।  গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আজিজ তালুকদার তিন দিনের রিমান্ডের আবেদন করেন। কিন্তু ঐ দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার রিমান্ডের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।