সাভারে এনাম মেডিক্যালের এক চিকিত্সকের লাশ উদ্ধার

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০০:৩৬

সাভারে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের এক চিকিত্সকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম স্যামুয়েল ফলিয়া (৩০)। বুধবার গভীর রাতে পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মহল্লার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মরদেহ প্রেরণ করা হয়েছে।

ডা. স্যামুয়েল ফলিয়া এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর জেলার মিশন রোড এলাকার বার্নবাস বাদল ফলিয়ার ছেলে। পরিবারের সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বুধবার গভীর রাতে সাভার মডেল থানা পুলিশ তার ভাড়া বাসার দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে এনাম মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, স্যামুয়েল ফলিয়া এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালেরই মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরে তিনি এই হাসপাতালেই নিজের কর্মজীবন শুরু করেন। দাম্পত্য জীবনে অশান্তির জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা  হচ্ছে।

সাভার মডেল থানার উপপরিদর্শক নাজিউর রহমান জানান, ডা. স্যামুয়েল ফলিয়ার কক্ষ থেকে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে।  বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।