ট্রাম্পের আমেরিকায় বর্ণবাদের আগ্রাসনে বিষন্নতায় ভুগছি :মিশেল ওবামা

আপডেট : ০৭ আগস্ট ২০২০, ০০:৩৮

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে বর্ণবাদের বিষবাষ্প ভয়াবহ আকার ধারণ করেছে বলে উল্লেখ করেছেন বারাক ওবামার স্ত্রী সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা। একারণে তিনি মানসিক অবসাদে ভুগছেন বলে জানিয়েছেন। পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু ছাড়াও বর্ণবাদী আরো অনেক ঘটনা ঘটেছে ট্রাম্পের শাসনামলে। এসব ঘটনা যেকোন বিবেকবান মানুষকে মানসিকভাবে আহত করে বলে তিনি উল্লেখ করেছেন।

মার্কিন সাংবাদিক মিশেল নরিসের সঙ্গে নিজের পডকাস্টে (অ্যাপভিত্তিক সম্প্রচার মাধ্যম) এক সাক্ষাতকারে তিনি একথা বলেন। মিশেল ওবামা বলেন, মহামারি, বর্ণবৈষম্য এবং ট্রাম্প প্রশাসনের ভন্ডামির কারণে তিনি ‘হালকা মানসিক অবসাদে’ ভুগছেন।এমন পরিস্থিতিতে তার ঘুম এবং শরীর চর্চার রুটিনে অনিয়ম তৈরি হয়েছে। তিনি বলেন, মাঝরাতে আমি হঠাত করে জেগে উঠতাম, কারণ কোনো কিছু নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম বা মানসিক ভারাক্রান্ত হয়ে পড়তাম। তখন বুঝতে পারি বর্তমান সরকারের নানা অনিয়ম অবিচারে মানসিক বিষন্নতায় ভুগছি। 

কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তির অপমান, মৃত্যু, অন্যায়ভাবে আঘাতপ্রাপ্ত হওয়া বা ভুলভাবে অভিযুক্ত করার ঘটনা তার মধ্যে অবসাদের জন্ম দিয়েছে। করোনার ফলেও তার মানসিক অবসাদ এসেছে বলে উল্লেখ করেন।