মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বন্যায় মির্জাপুর উপজেলার পৌরসভা ও ১৪ ইউনিয়নের ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, বিভিন্ন মসজিদ ও মন্দির। এসব শিক্ষাপ্রতিষ্ঠান এখন পানির নিচে। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ এবং প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক মোস্তাকিম বলেন, এবারের দীর্ঘস্থায়ী বন্যায় মির্জাপুর উপজেলার পৌরসভা ও ১৪ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শিক্ষা অফিস ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করা হচ্ছে। বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে বন্যার পর পরই এগুলো সংস্কার করা হবে।
