সিলেট অফিস
আবারও লন্ডন-সিলেট সরাসরি বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্তে প্রবাসীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কোভিড-১৯ মহামারি সংক্রমণের কারণে ঐ ফ্লাইটটি বন্ধ করা হয়েছিল। আন্তঃমন্ত্রণালয় সভায় দ্রুত এই সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে ধন্যবাদ জানিয়েছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি জানিয়ে বলেছেন, সিলেট থেকে অন্যান্য এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট চালুকরণ এখন সময়ের দাবি। উল্লেখ্য, সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ায় সিলেটের প্রবাসীরাও বিপাকে পড়েন।
